মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, জানাবে প্রতিক্রিয়া
ঢাকা প্রতিনিধি : মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মিনতকে আটকের ঘটনায় বাংলাদেশ মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রেস নোটের মাধ্যমে পরবর্তীতে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
সোমবার সু চিকে আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাইলে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে প্রেস নোট পাঠাচ্ছি।’ ২০২০ সালের নভেম্বরে বিতর্কিত নির্বাচনের পরে বেসামরিক সরকার এবং সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বাড়ার পরে এ অভ্যুত্থান ঘটলো।
সু চিকে আটকের কয়েক ঘণ্টা পরে, সামরিক টেলিভিশন নিশ্চিত করেছে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতে এমন পদক্ষেপ প্রয়োজনীয় ছিল। দেশের ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post a Comment